পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক বলেছেন, ওয়ানডে এবং টি-২০ ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের পেছনে অভিজ্ঞতা মূল কারণ হলেও টেস্টে পাকিস্তানই এগিয়ে।
তিনি মনে করেন, এই দল একসঙ্গে ৪ থেকে ৫ বছর ধরে খেলছে। আর এই দীর্ঘ সময় একসঙ্গে খেলার ফল এখন পাচ্ছে বাংলাদেশ।
তবে মিসবাহর মতে, টেস্ট দল হিসেবে বাংলাদেশের চেয়ে পাকিস্তান এখনও অনেক এগিয়ে। কারণ হিসেবে এখানেও তিনি সেই অভিজ্ঞতার কথা বলেছেন।
তিনি বলেন, তার টেস্ট দলের অভিজ্ঞতা বাংলাদেশ দলের চেয়ে বেশি। তাছাড়া পাকিস্তানের এই দলটি গত চার বছর ধরেই ভালো টেস্ট খেলছে।
ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজে পরাজয় আর খুলনা টেস্টে ড্রয়ের পর মিরপুর টেস্ট জয়ে খুশি পাকিস্তান ক্যাপ্টেন। তিনি বলেন, ব্যাটমস্যানরা ধারাবাহিকভাবে পারফর্ম করে গেছে। সেই সাথে বোলাররাও ভালো খেলেছে।
মিসবাহ বলেন, খুলনা টেস্টেও তারা জয় আশা করেছিলেন। কিন্তু ওইদিন ভাগ্য তাদের পক্ষে ছিলো না।
মিরপুর টেস্ট শেষে আরও অনেক কথা বললেও, মিসবাহ যে মূল বার্তা দিয়ে গেছেন সেটা হলো: আগের যে কোনো সময়ের চেয়ে ভালো ক্রিকেট খেলছে বাংলাদেশ।







