শ্রীলঙ্কাকে দেশের মাটিতে ওয়ানডে সিরিজে হারানোর পর টেস্টেও হাসছে জিম্বাবুয়ে। সিরিজের একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে এগিয়ে রয়েছে সফরকারীরাই। লঙ্কানদের ব্যাটিং ব্যর্থতার জেরে লিড নেয়ার পথে রয়েছেন আরভিন-মাসাকাদজারা।
ক্রেগ আরভিনের ক্যারিয়ার সেরা ১৬০ রানের সুবাদে প্রথম ইনিংসে ৩৫৬ রান করে জিম্বাবুয়ে। জবাবে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেট হারিয়ে ২৯৩ রান তুলেছে শ্রীলঙ্কা। ৩ উইকেট হাতে নিয়ে এখনও ৬৩ রানে পিছিয়ে লঙ্কানরা।
দুই উইকেট হাতে রেখে আগের দিনের ৩৪৪ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে জিম্বাবুয়ে। তবে রঙ্গনা হেরাথের ঘূর্ণিতে বেশিদূর এগোতে পারেনি তারা।৩৫৬ রানেই শেষ হয় তাদের ব্যাটিং অভিযান। ক্যারিয়ারে ৩০তম বারের মতো ৫ উইকেট নিয়েছেন লঙ্কান স্পিনার।
পরে ব্যাট হাতে দারুণ শুরু করেন দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও উপুল থারাঙ্গা। ৮৪ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারা। এরপর ৯ রানের ব্যবধানে থারাঙ্গা (৭১) ও কুশাল মেন্ডিস (১১) ফিরলে চাপে পড়ে স্বাগতিকরা।
নতুন ও সদ্য সাবেক অধিনায়কের ৯৬ রানের জুটিতে আবার ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। ৫৫ রান করেন অধিনায়ক দিনেশ চান্দিমাল। আর অ্যাঞ্জেলো ম্যাথুজ করেন ৪১। তবে শেষ বেলায় আবার তিন উইকেট তুলে নিয়ে হাসিতেই দিন শেষ করে জিম্বাবুয়ে।










