জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থ জোগান দেয়ার অভিযোগে গ্রেফতার ৩ আইনজীবীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে চট্টগ্রাম র্যাব। এটর্নি জেনারেল বলেন, টেরোরিস্ট ফান্ডের জন্য গ্রেফতার হওয়াটা সত্যিই উদ্বেগজনক।
শহীদ হামজা ব্রিগেডকে ১ কোটি ৮ লাখ টাকা দেয়ার অভিযোগে মঙ্গলবার রাতে ঢাকার ধানমন্ডি থেকে ৩ আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা, এডভোকেট হাসানুজ্জামান লিটন এবং এডভোকেট মাহাফুজ চৌধুরী বাপনকে গ্রেফতার করে র্যাব।
বৃহস্পতিবার এ নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। মাহবুবে আলম বলেন, আমার মনে হয় প্রাথমিক কোনো প্রমাণ না পেলে তারা গ্রেফতার হতোনা। তারা দোষী না নির্দোষী তা বিচারিকে হবে। কিন্তু আমাদের বারকে সম্মানজনক ভাবে দেখি। টেরোরিস্ট ফান্ডের জন্য গ্রেফতার হওয়াটা সত্যিই উদ্বেগজনক।
তিন আইনজীবীর গ্রেফতারের প্রতিবাদে বার ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
এক আলোচনায় তিন আইনজীবীর গ্রেফতার নিয়ে এটর্নি জেনারেলের মন্তব্যের বিষয়ে বার সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, এতে আইনজীবীদের অবমাননা হয়েছে। তিনি জানান, কোনো আইনজীবি জঙ্গি সংগঠন বা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত না, অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত না। তারপরেও যদি ব্যতিক্রম থাকে, বিচারে যদি প্রমাণ হয়, তার সম্পৃক্তা ছিল এবং বিচারে যদি সে দোষী সাব্যস্ত হয় অবশ্যই আমরা তাকে সমর্থন করব না।
চট্টগ্রাম বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তিন আইনজীবীর ৪ দিন করে রিমান্ড মঞ্জুরের পর জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে কিছু তথ্য পাওয়ার কথা জানিয়েছে র্যাব।







