সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দাড়ি রেখেছেন, আর সেই ছবি টুইটারে ভাইরাল হয়েছে। ছবিতে সাদা-কালো দাড়িতে হাসতে দেখা যাচ্ছে সাবেক ওই জনপ্রিয় প্রেসিডেন্টকে।
ওবামার ওই ছবি ভুয়া জেনেও অনেক জনপ্রিয় মার্কিন ব্যক্তিত্ব শেয়ার দিচ্ছেন। দারুণ দারুণ সব মন্তব্য আসছে ছবিতে।
একজন টুইট করেছেন, ‘ওবামার এই ছবি ফেইক হলেও এটি আমার অনেক ভাল লেগেছে।’ আরেকজন লিখেছেন, ‘এটা ফটোশপ করা হয়েছে। কিন্তু আমাদের দাবি জানানো উচিত, যাতে তিনি সত্যই দাড়ি রাখেন।’
টুইট আর মন্তব্যে ওবামার প্রতি ভালোবাসা প্রদর্শন করছেন অনেক মার্কিন নাগরিক।
মার্কিন প্রেসিডেন্টের মতো গুরু দায়িত্ব পালন করেও তিনি যে জনপ্রিয়তা ধরে রেখেছেন, তা সত্যই বিরল।
বারাক ওবামা পর পর দুই মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। ২০০৮ সালে প্রথমবারের মতো নির্বাচিত হন তিনি, পরেরবার ২০১২ সালে আবার নির্বাচিত হন। নানামুখী কর্মকাণ্ডের জন্য ২০০৯ সালে শান্তিতে নোবেল পুরষ্কারও পান তিনি। ২০১৭ সালের ২০ জানুয়ারি তিনি প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন।







