টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে একই সঙ্গে এক দেশ থেকে ব্যাটিং এবং বোলিংয়ের শীর্ষস্থানে ওঠার রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের কলিন মুনরো এবং ইশ সোধি।
নিউজিল্যান্ড থেকে একই সঙ্গে ব্যাটিংয়ে-বোলিংয়ে শীর্ষে ওঠা দ্বিতীয় জুটি মুনরো-সোধি। ২০০৯ এবং ২০১০ সালে এই কীর্তি গড়েছিলেন ব্রেন্ডন ম্যাককালাম এবং ড্যানিয়েল ভেট্টরি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ পারফর্ম্যান্স করে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন এই দুই সতীর্থ। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ২২৩ রান নিয়ে শীর্ষে মুনরো। এর ভেতর শেষ ম্যাচে ৫৩ বলে ১০৪ রান করেন। অন্যদিকে সোধি নেন ৩ উইকেট। শেষ ম্যাচে ২৫ রানে নিয়েছিলেন দুটি।

মুনরো এক লাফে ১১ ধাপ এগিয়েছেন। ক্যারিয়ারে এই প্রথমবার নাম্বার ওয়ান হলেন তিনি। এই সিরিজ থেকে ১৩৭ পয়েন্ট সংগ্রহ করেছেন।
অন্যদিকে সোধি ক্যারিয়ারে প্রথমবার শীর্ষে উঠতে ১০ ধাপ এগিয়েছেন। সর্বশেষ সিরিজ থেকে এই রিষ্ট স্পিনারের অর্জন ৭০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের ইমাদ ওয়াসিমের থেকে সাত পয়েন্ট এগিয়ে।
নিউজিল্যান্ড থেকে এর আগে দুই ব্যাটসম্যান টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন-ব্রেন্ডন ম্যাককালাম এবং গাপটিল। সোধিও তৃতীয়। তার আগে শীর্ষে ছিলেন ড্যানিয়েল ভেট্টরি এবং শেন বন্ড।










