ওয়ানডের পর টি-টুয়েন্টিতেও বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক করা হয়েছে নিগার সুলতানা জ্যোতিকে। কমনওয়েলথ গেমস ২০২২-এর বাছাইয়ের জন্য দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছোট ফরম্যাটের ক্রিকেটে সালমা খাতুনকে সরিয়ে দায়িত্ব দেয়া হল নিগারকে।
বাদ পড়েছেন ডানহাতি পেসার জাহানারা আলম। অধিনায়কত্ব হারালেও দলে রয়েছেন সালমা। নিগারের নেতৃত্বাধীন দল ৮ জানুয়ারি টুর্নামেন্টের উদ্দেশ্যে কুয়ালালামপুর যাত্রা করবে। টিম টাইগ্রেসের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১৮ জানুয়ারি।
নারী দলের নির্বাচক মঞ্জুরুল ইসলাম বলেছেন, ‘টুর্নামেন্টটির জন্য আমরা একটি ভালো দল নির্বাচন করেছি এবং নির্দিষ্ট কিছু লক্ষ্যকে সামনে রেখে খেলোয়াড়দের নির্বাচন করা হয়েছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে উদীয়মান খেলোয়াড়দের সুযোগ দেয়ার জন্য ভালো একটি মঞ্চ এ টুর্নামেন্ট।’
পাঁচ দলের বাছাইপর্বে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে থাকছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাকি তিন দল স্কটল্যান্ড, কেনিয়া ও স্বাগতিক মালয়েশিয়া। পাঁচটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। চ্যাম্পিয়ন দল সুযোগ পাবে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে খেলার।
১২তম কমনওয়েলথ গেমসের এবারের আসর চলতি বছরের জুলাই-আগস্টে ইংল্যান্ডে বসবে। মূল আসরে লড়বে আট দল। টি-টুয়েন্টি ফরম্যাটে হবে খেলা।
স্বাগতিক ইংল্যান্ডসহ টি-টুয়েন্টি র্যাঙ্কিং অনুযায়ী সাত দলের অংশগ্রহণ চূড়ান্ত হয়ে গেছে আগেই। এরইমধ্যে চূড়ান্ত হয়েছে গ্রুপিং। ‘এ’ গ্রুপের চার দল- অস্ট্রেলিয়া, বার্বাডোজ, ভারত, পাকিস্তান। ‘বি’ গ্রুপে স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার সঙ্গী হবে বাছাইপর্ব থেকে আসা দলটি।
বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক পিংকি, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোভানা মুস্তারী, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, সুরাইয়া আজমিন।
স্ট্যান্ড বাই: জাহানারা আলম, নুজহাত তাসনিয়া, খাদিজাতুল কোবরা।








