বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ‘ভবিষ্যতের কথা’ ভেবে দুই তরুণ ক্রিকেটারকে দলে নিয়েছে সাউথ আফ্রিকা। ওয়েইন পারনেল ইনজুরিতে পড়ায় তার জায়গায় ডাকা হয়েছে ১৯ বছরের তরুণ অলরাউন্ডার উইয়ান মুল্ডারকে। সঙ্গে আছেন আরেক অলরাউন্ডার রবি ফ্রাইলিংক।
দল ঘোষণার পর সাউথ আফ্রিকার নির্বাচক কমিটির আহবায়ক লিন্ডা জন্ডি বলেন, ‘ফ্রাইলিংকের অন্তর্ভুক্তি আমাদের অলরাউন্ডিং গভীরতা প্রকাশের আরেকটি সুযোগ। ভবিষ্যতের কথা ভেবে পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তাকে দলে নেয়া হয়েছে।’
‘বোলিং দক্ষতা ছাড়াও সে একজন পরীক্ষিত ফিনিশার।’
টি-টুয়েন্টি থেকে বিশ্রাম দেয়া হয়েছে ইমরান তাহিরকে। এর ব্যাখ্যা দিতে যেয়েও ওই পরীক্ষা-নীরিক্ষার কথা বললেন জন্ডি, ‘টি-টুয়েন্টি, ওয়ানডেতে ইমরান আমাদের প্রধান পছন্দ। কিন্তু এই ফরম্যাটে আমাদের সক্ষমতার উন্নতি প্রয়োজন। সেজন্যই আমরা শামসি এবং ফাঙ্গিসোকে আরেকবার সুযোগ দিয়েছি।’
ওয়ানডের মতো এখানেও ফ্যাফ ডু প্লেসিসকে অধিনায়ক রাখা হয়েছে। ইমরান তাহিরের মতো বিশ্রাম দেয়া হয়েছে কাগিসো রাবাদাকে।
প্রথম টি-টুয়েন্টি খেলতে ২৬ অক্টোবর ব্লুমফন্টেইনে ফিরবে বাংলাদেশ। ২৯ অক্টোবর পচেফস্ট্রমে দ্বিতীয় টি-টুয়েন্টি দিয়ে সফর শেষ।
সাউথ আফ্রিকার টি-টুয়েন্টি দল: ফ্যাফ ডু প্লেসিস (হাশিম আমলা), হাশিম আমলা, ফারহান বেহারদিয়েন, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, রবি ফ্রাইলিংক, বিউরান হেনড্রিকস, ডেভিড মিলার, মাঙ্গালিসো মোসলে, ডেন প্যাটারসন, অ্যারন ফ্যাঙ্গিসো, অ্যান্ডিলে ফেলুকোও, টাবরাইজ শামসি।








