মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে নিজেদের প্রথম জয়ের পর বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার হ্যামিল্টনে পাকিস্তানকে ৯ রানে হারানোর পর প্রধানমন্ত্রীর অভিনন্দনে সিক্ত হয় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন টিম টাইগ্রেস।
ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৩৪ রান তোলে বাংলাদেশ। জবাবে ৯ উইকেটে ২২৫ রান পর্যন্ত যেতে পারে পাকিস্তান। রোমাঞ্চকর জয় পায় লাল-সবুজের মেয়েরা।
এক পর্যায়ে ২ উইকেটে ১৮৩ থেকে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৮৮ রানে যেয়ে ঠেকে। বাংলাদেশের মেয়েদের নিয়ন্ত্রিত ও দাপুটে বোলিংয়ে এক সময় ৫ রানে ৫ উইকেট হারায় দলটি। ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ফাহিমা খাতুন।







