প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর জয় ঠেকাতে হামলাও চালিয়েছিলেন তারেক রহমান। যুক্তরাজ্যের পার্লামেন্টে বিজয়ী টিউলিপসহ বাংলাদেশী বংশোদ্ভূত তিন নারীকে ধন্যবাদ জানানোর জন্য আনীত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত বাংলাদেশী বংশোদ্ভূত তিন কন্যা টিউলিপ সিদ্দীক, রুশনারা আলী এবং রূপা হক এদেশের জন্য গৌরব বয়ে এনেছে।
গত মে মাসের যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের সময় বঙ্গবন্ধুর নাতনি টিউলিপের জয় ঠেকাতে নানা ষড়যন্ত্রের কথা আগেও বলেছিলেন শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতারা।
প্রধানমন্ত্রী বলেন, তাকে (টিউলিপ) সেখানে অনেক কষ্ট পেতে হয়েছে। আপনারা জানেন, রাজনৈতিক আশ্রয় নিয়ে খালেদা জিয়ার ছেলে ওখানে সব রকমের চেষ্টা করেছে টিউলিপ যেন জিততে না পারে। এমনকি ভোটারদের ওপর লোক পাঠিয়ে হামলা পর্যন্ত করিয়েছে।
শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক সাত বছর ধরে যুক্তরাজ্যে রয়েছেন। তাকে দেশে ফেরত এনে আদালতে দাঁড় করানোর দাবি জানিয়ে আসছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।
প্রধানমন্ত্রীর আলোচনা শেষে এ তিন বাংলাদেশী বংশোদ্ভূত কন্যার ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত হওয়ায় আনীত ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সরকারি দলের সদস্য ডা. দিপু মনি এ ধন্যবাদ প্রস্তাব আনেন।







