ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ জেতার পর হারলো সাকিবরা। তৃতীয় ম্যাচে সাকিব-গেইলদের জ্যামাইকা তালাওয়াকে ৭ উইকেটে হারিয়েছে গুয়ানা অ্যামাজন ওরিয়র্স।
দল হারলেও সাকিব নিজে ভাল করেছেন। প্রথমে ব্যাট হাতে খেলেন ২৩ বলে ২৫ রানের ইনিংস। চার ওভার বল করে মাত্র ২১ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। কিন্তু সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স সত্ত্বেও হার এড়াতে পারেনি জ্যামাইকা।
টস হেরে ব্যাট করতে নেমে ১৮ ওভারের মধ্যে মাত্র ১০০ রান সংগ্রহ করতেই গুটিয়ে গিয়েছিল জ্যামাইকার ইনিংস। গত ম্যাচে শতক হাঁকানো গেইল আউট হয়েছিলেন ইনিংসের দ্বিতীয় বলে। আরেক ওপেনার চাডউইক ওয়াল্টন করতে পেরেছেন মাত্র ১২ রান। কুমার সাঙ্গাকারা ফিরেছেন ৯ রান করে।
চতুর্থ উইকেটে ৫১ রানের জুটি গড়ে দলের ব্যাটিং বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন সাকিব ও রোভমান পাওয়েল। কিন্তু খুব বেশি সফল হতে পারেননি। ১৩তম ওভারে সাকিব আউট হওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে জ্যামাইকার ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান এসেছে পাওয়েলের ব্যাট থেকে।
১০১ রানের সহজ লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ১৮ ওভারের মধ্যেই জয়ের বন্দরে পৌঁছে গেছে গুয়ানা। ৩৯ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ক্রিস লিন।
সাকিদের হয়ে পাকিস্তানের বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম ৪ ওভার বল করে মাত্র ৬ রানের বিনিময়ে নেন দুটি উইকেট।







