টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের উপর হামলার মূলহোতা কুখ্যাত জুয়াড়ি ফজল মন্ডলের সহকারি সেকাম ও হটুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোবরাব রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেকামকে সিরাজগঞ্জের যমুনার চর এলাকা ও হটু ওরফে ফরহাদকে ভূঞাপুরের পাথাইলকান্দী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মূলহোতা ফজল মন্ডলসহ মোট ৮ আসামিকে গ্রেপ্তার করা হলো।
এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চল ও ভূঞাপুরের পাথরাইলকান্দি এলকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হবে।
চলতি মাসের দুই তারিখে টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাশবন এলাকায় রাজনৈতিক ছত্রছায়া ও প্রশাসনের নাকের ঢগায় দীর্ঘদিন ধরে চলমান জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর হামলা চালায় জুয়াড়িরা। এতে ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদারসহ ৬ জন আহত হন।
পরে ফজল মন্ডলকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখসহ শতাধিক অজ্ঞাত ব্যক্তির নামে মামলা দায়ের করা হয়।
এ ঘটনায় পূর্বে গ্রেপ্তার ৬ আসামির মধ্যে পাঁচজন জেল হাজতে ও এক আসামি অন্তবর্তীকালীন জামিনে রয়েছেন।









