ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে র্যাবের গুলিতে নুরুন্নবী (২৫)
নামের একজন মোটরসাইকেল ছিনতাইকারী নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি
বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি চাপাতি ও ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারের দাবি করেছে র্যাব।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন বাইপাস নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুন্নবী শহরের থানাপাড়া এলাকার পারভেজ শেখের ছেলে।
টাঙ্গাইল র্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, সিরাজগঞ্জ থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সংবাদ পেয়ে র্যাব কয়েকটি স্থানে চেকপোষ্ট বসায়।
এ সময় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের এলেঙ্গায় র্যাব একটি মোটরসাইকেলে তিন আরোহীকে থামতে বললে তারা আরও দ্রুত গতিতে সেখান থেকে পালানোর চেষ্টা করে। র্যাব তাদের ধাওয়া করে। পরে ছিনতাইকারীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। টাঙ্গাইল শহর বাইপাসের দরুন এলাকায় এলে র্যাবও ছিনতাইকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে।
এ সময় টাঙ্গাইল শহরের থানাপাড়ার পারভেজ শেখের ছেলে নূরনবী ঘটনাস্থলেই নিহত হয়। তার অপর দুই সহযোগী পালিয়ে যায়।
নিহত নুরুন্নবীর বিরুদ্ধে টাঙ্গাইল ও অন্যান্য থানায় ৯টি হত্যা মামলাসহ ১২ মামলা রয়েছে। এছাড়াও তার নামে অসংখ্য ছিনতাই মামলা রয়েছে বলেও র্যাব কমান্ডার জানিয়েছেন।








