যৌথ অভিযান চালিয়ে টাঙ্গাইলের কালিহাতী থেকে বোমা তৈরির সরঞ্জামসহ জেমএমবি’র ২ জন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ ও ডিবি পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার এলেঙ্গা ও ভল্লববাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
টাঙ্গাইল পুলিশ সুপার মাহবুব আলম বলেন, মুধুপর উপজেলার ব্রাক্ষনবাড়ী বাড়ি গ্রামের ছামেদ আলীর ছেলে সক্রিয় জেএমবি সদস্য জুয়েল মিয়া(২৬) এলেঙ্গা বাসস্যান্ড এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও স্পেশাল টাস্ক গ্রুপ সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরে জিজ্ঞাসাবাদে জুয়েল পুলিশকে জানায়, তার কয়েকজন সহযোগী জেএমবি সদস্য ভল্লববাড়ির একটি ভাড়া বাসায় বোমা তৈরির সরঞ্জামসহ অবস্থান করছে। তার তথ্যের ভিত্তিতে একই উপজেলার ভল্লববাড়ি এলাকার আতোয়ারের বাড়িতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। 
সেসময় ঘটনাস্থল থেকে বগুড়ার শেরপুর উপজেলার বাগরা কলোনীর জয়নাল আবেদীনের ছেলে আবু সাইদ ওরফে সবুজকে(২৪) গ্রেফতার করে। এসময় আবু সাইদের ভাড়া করা ঘর থেকে বোমা তৈরির সরঞ্জাম, একটি চাপাতি, বোমা তৈরির নির্দেশিকা, জিহাদী বই, জেএমবি’র ট্রেনিং ও ভিডিও সংবলিত একটি মেমোরী কার্ড উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাদে জেএমবি সদস্যরা আরো জানায়, তারা নাশকতার জন্য এই বাসা ভাড়া নিয়ে বোমা তৈরি করছিল। তাদের এই গ্রুপের দলনেতা গোপালপুর উপজেলার মোসলেম ওরফে সোহেল। সে সন্ধ্যার পর থেকে সাংগঠনিক কাজে বাইরে রয়েছে।
পুলিশ সুপার আরো বলেন, পলাতক সোহেলকে আটকে অভিযান অব্যাহত রয়েছে। এবিষয়ে কালিহাতী থানায় সন্ত্রাস দমন আইনে মামলার প্রস্তুতি চলছে।








