ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার চরবাবলা নামক স্থানে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন।
বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার চর বাবলা বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুই লেগুনা যাত্রী মারা যায় এবং পরে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দু’জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। আহতদের কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক ভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।







