টাঙ্গাইলের সখীপুরে স্থানীয় মহিলা কলেজের দুই ছাত্রীকে প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা। এছাড়াও তাদের উদ্ধারে এগিয়ে আসা স্থানীয় এক ব্যবসায়ীকেও পিটিয়ে আহত করে ওই বখাটেরা। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার বিকেলের দিকে স্থানীয় মহিলা কলেজ সড়কে এ ঘটনা ঘটে।
আহত কলেজ ছাত্রীরা সখীপুর আবাসিক মহিলা কলেজের সম্মান দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী। কলেজের অধ্যক্ষ রেনুবর রহমান বলেন, কলেজের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ছাত্রী নিবাসের দুই ছাত্রী বিকেলের দিকে অটোভ্যানযোগে সখীপুরে বাজারে আসার পথে রফিকরাজু ক্যাডেট স্কুলের সামনে মুখোশধারী তিন বখাটে তাদের গতিরোধ করে। পরে ভ্যান থেকে তাদের জোরপূর্বক নামিয়ে রড দিয়ে পেটাতে থাকে। একপর্যায়ে ওই দুই ছাত্রী মাটিতে লুটিয়ে পড়লেও উপর্যপুরী আঘাত করতে থাকে তারা। পরে আহতদের চিৎকারে স্থানীয় ফাহাদ ট্রেডার্সের মালিক আলী হোসেন তালুকদার এগিয়ে গেলে বখাটেরা তাকেও মারপিট করে। এক পর্যায়ে আশপাশের আরো লোকজন এগিয়ে গেলে বখাটেরা পালিয়ে যায়। এ বিষয়ে থানায় মামলা করার প্রস্তুতি চলছে। রাতের মধ্যে বখাটেদের গ্রেফতার করা না হলে কলেজের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
আহত আলী হোসেন জানান, হঠাৎ দুই ছাত্রীকে পেটাতে দেখে আমি এগিয়ে যাই। এ সময় বখাটেরা আমাকেও রড দিয়ে পেটায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শামীমা আহমেদ রীনা বলেন, ‘গুরুতর আহত একজনের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে।
সখীপুর থানা অফিসার ইনচার্জ মাকছুদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় অভিযান চালিয়ে স্বপন নামের এক যুবককে আটক করেছি। অন্যদের আটকে অভিযান চলছে।










