টাঙ্গাইলে আজ (বৃহস্পতিবার) দুপুরে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ৯ জন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের কামুটিয়া গ্রামের ফজলুল হকের ছেলে রেজাউল করিম (১৭) ও গোপালপুর উপজেলার নবগ্রাম এলাকার শরাফত আলীর ছেলে মানিক মিয়া (১৬)। মানিক নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া এলাকায় ঢাকা থেকে টাঙ্গাইলগামী একটি কাভার্ড ভ্যানের সাথে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালকসহ ৪ জন আহত হয়। আহতদেরকে ফায়ার সার্ভিস কর্মিরা উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা ১ জনের মৃত্যু হয়।
বাসাইল-টাঙ্গাইল সড়কের নথখোলা এলাকায় মটর সাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মটর সাইকেল আরোহী নিহত হয়। এতে আহত হয় আরো ২জন। তাদেরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গোপালপুরের নবগ্রাম থেকে কয়েকজন কিশোর একটি পিকআপ ভ্যানে সাউন্ড বক্স নিয়ে মধুপুর যাচ্ছিলেন। পথিমধ্যে পিকআপ ভ্যানটি ঘাটাইল উপজেলার পাকুটিয়া এলাকায় পৌছালে মধুপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই মানিক নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো ৪ জন।
আহত ৪ জনকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলো, গোপালপুর উপজেলার নবগ্রাম এলাকার আল-আমিন (১৫), ছোটন (১৬), কামরুল হাসান (১৫) ও শাকিল আহম্মেদ।







