টাঙ্গাইলের মধুপুরে দু’দল মাদক ব্যবসায়ীদের মাঝে ‘গোলাগুলিতে’ মাদক মামলার আসামী ও সাবেক ইউপি সদস্য মাসুদ রানা ফরিদ (৪২) নিহত হয়েছে।
শুক্রবার ভোরে উপজেলার মাগন্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরিদ পুলিশের তালিকাভুক্ত আসামী। তার বিরুদ্ধে মধুপুর থানায় ৫টি মাদক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিয়া জানায়, শুক্রবার ভোরে মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র মাগন্তিনগর এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্যে মাদক বেচাকেনা ও টাকার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ হয়। এরপর দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ফরিদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত ফরিদ অরণখোলা ইউনিয়নের কাকরাইদ গ্রামের মৃত শামছুল মন্ডলের ছেলে। সে পুলিশের তালিকাভূক্ত আসামী ও সাবেক ইউপি সদস্য।







