টাঙ্গাইলের গোপালপুরের উপজেলা যুবলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান আজাদকে ইয়াবা ও হেরোইনসহ আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুইশ এক পিস ইয়াবা ট্যাবলেট ও এক গ্রাম পরিমাণ হেরোইন জব্দ করে পুলিশ।
মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নন্দনপুরের এলাকা থেকে মাদক ব্যবসা পরিচালনার সময় তাকে হাতে নাতে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যপারে গোপালপুর থানা অফিসার ইনচার্জ হাসান আল মামুন বলেন, ‘সে দীর্ঘদিন ধরে গোপালপুরে মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিলো। আজ বিকেলের টাঙ্গাইলের ডিবি ও গোপালপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুইশ এক পিচ ইয়াবা ও এক গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
আটক আশরাফুজ্জামান পৌর এলাকার নন্দনপুরের মৃত আব্দুল রউফের ছেলে।ইতোপূর্বে তার বিরুদ্ধে মাদক ব্যবসা সংক্রান্ত একাধিক মামলা থাকার কথাও নিশ্চিত করেছে পুলিশ।










