বাংলাদেশ ও সাউথ আফ্রিকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টাইগার ঘূর্ণির কবলে পড়েছে প্রোটিয়া ব্যাটসম্যানরা। প্রথম সেশনে অফস্পিনার মাহমুদুল্লাহর একমাত্র শিকারের পর দ্বিতীয় সেশনে দ্রুত আরো দুই উইকেট তুলে নিয়েছেন টাইগার স্পিনাররা। এবারের উইকেট শিকারি সাকিব আল হাসান এবং তাইজুল ইসলাম।
দলীয় ১৩৬ রানের মাথায়ই উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগার এবং ফাফ ডু প্লেসিস ফিরে যান। প্রোটিয়াদের শেষ উইকেটটি শিকার করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৪৮ তম ওভারটি করতে এসে প্রথম বলেই সাকিব ফেরান ডিু প্লেসিসকে।
প্রোটিয়াদের পক্ষে ব্যাট করতে এখন মাঠে রয়েছেন অধিনায়ক হাশিম আমলা এবং টেম্বা ব্যাভুমা।
ফাফ ডু প্লেসিস ১২২ বলে ৪৮ রান করে সাকিবের বলে এলবিডাব্লিউ’এর ফাঁদে পরেন। তাইজুল ইসলামের বলে ১১১ বলে ৪৭ রান করে ডিন এলগার উইকেট রক্ষক লিটনের হাতে ধরা পরেন। ডু প্লেসিস এবং ডিন এলগারের ৭৮ রানের জুটি ভাঙ্গে ডিন এলগারের বিদায়ে। ডিন এলগারকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে দ্বিতীয়বারের মতো স্বস্তি এনে দেন তাইজুল।
বাংলাদেশ সাউথ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচটিতে লাঞ্চ বিরতির আগে ১ উইকেট হারিয়ে দলীয় শতকের ঘরে পৌছায় প্রোটিয়ারা। প্রথম সেশনে ২৮ ওভারের খেলায় প্রতি ওভারে ৩.৭১ রানের সংগ্রহে অনেকটা দ্রুতই রান সংগ্রহ করে সাউথ আফ্রিকান ব্যাটসম্যানরা।
বোলিং আক্রমনে এসে নিজের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পান বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার রিয়াদ। ৪৯ বল খেলে ৩৪ রান করা স্টিয়ান ভ্যান জিলকে ঘুর্ণি জাদুতে বিভ্রান্ত করে উইকেটরক্ষক লিটনের ক্যাচ বানান তিনি। ৫৮ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গে ইনিংসের ১৩ ওভার চার বলের মাথায়।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে হেরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রোটিয়াদের শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিপক্ষে বোলিং পরীক্ষায় নামে টাইগার বোলাররা। প্রোটিয়াদের উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামেন ডিন এলগার এবং স্টিয়ান ভ্যান জিল।
প্রথম টেস্টে অভিষেক হয়েছে টাইগারদের বোলিং বিস্ময় মুস্তাফিজুর রহমানের। তবে মুল একাদশে নেই বাংলাদেশের অভিজ্ঞ বোলার রুবেল হোসেন। টেস্ট একাদশে জায়গা হয়নি সৌম্য সরকার ও অলরাউন্ডার নাসির হোসেনের।
প্রথমবারের মতো সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের পর টেস্টে ভালো খেলার আশা নিয়ে মাঠে নামছে টিম টাইগার্স।
এর আগে টেস্টে দু’দল ৮ বার মুখোমুখি হলেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস ( উইকেট রক্ষক), জুবায়ের হোসেন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ শহীদ।
সাউথ আফ্রিকা একাদশ: ডিন এলগার, স্টিয়ান ভ্যান জিল, হাশিম আমলা (অধিনায়ক),ফাফ ডু প্লেসিস, টেম্বা ব্যাভুমা, কুইন্টন ডি কক (উইকেট রক্ষক), জেপি ডুমিনি, ভারনন ফিলান্ডার, সিমন হারমার, ডেল স্টেইন, মরনে মরকেল।







