জয়ের জন্য ২৭৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরুর পর বাংলাদেশে বোলিং তোপে লণ্ডভন্ড হয়ে গেছে ইংল্যান্ডের ব্যাটিং লাইন। ওপেনিং জুটিতে ১০০ রান তোলার পর দ্রুতই তাদের ৬ উইকেট তুলে নিয়েছে টাইগার বোলাররা। ১৩৭ রানে ৬ উইকেট হারায় ইংল্যান্ড।
প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট হয়ে গেছে তার। আর যেকোনো টেস্ট সিরিজে বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ও এনামুল হক জুনিয়রের ১৮ উইকেটের রেকর্ডও স্পর্শ করেছেন তিনি। আর একটি উইকেট পেলে সর্বোচ্চ শিকারি হবেন মিরাজই।
বাংলাদেশের প্রথম ইনিংসে করা ২২০ রানের জবাবে ২৪৪ রান করে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২৯৬ রানে অলআউট হলে ইংলিশদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৩ রানের।
২৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভাল শুরু করেন দুই ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক ও বেন ডাকেট। ঠিক ১০০ রান করে বিচ্ছিন্ন হন তারা। ৫৬ রান করে মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়েছেন ডাকেট। এরপর পাঁচ রানের ব্যবধানে জো রুটকে(১) ফিরিয়েছেন সাকিব আল হাসান।
এরপর গ্যারি ব্যালান্স (৫) ও হিসেবে খাতা খোলার আগে মঈন আলীকে ফেরান মিরাজ। আর দলীয় পঞ্চম এবং মিরাজের চতুর্থ উইকেট হিসেবে মিরাজের শিকার হন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক।








