টাইগারদের ক্রিকেট নিয়ে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের আগ্রহের শেষ নেই। বিশ্বকাপ হোক, এশিয়া কাপ হোক কিংবা যে কোনো ক্রিকেট সিরিজ। টেস্ট, ওয়ানডে বা টি২০। যে ফরমেটের ক্রিকেটই হোক। বাংলাদেশ দল খেললেই হলো। আগ্রহের সীমা থাকে না প্রবাসীদের। শত ব্যস্ততার মাঝেও খেলা দেখা চাই। কাজের (ডিউটি) সময় খেলা হলে মোবাইলে খেলা দেখেন বা স্কোর দেখেন তারা কতক্ষণ পরপর।
ম্যাচের সময় যাদের ডিউটি থাকে না তাদের তো মজা আর মজা। অনেকেই একসঙ্গে বসে টিভিতে খেলা দেখেন। বাসায় বা বাংলাদেশী রেস্টুরেন্টে বসে প্রবাসীরা আনন্দের সাথে দেশের মত হৈচৈ করে টাইগারদের খেলা উপভোগ করেন।
তামিম, সাব্বির, সৌম্য, মাহমুদুল্লাহ, মুশফিক বা সাকিবদের মারকুটে ব্যাটিংয়ে চার ছক্কার মারে উল্লাস আর উল্লাস। আর মুস্তাফিজ, মাশরাফি, আল আমিন, তাসকিনদের বোলিংয়ে যখন প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানের স্টাম্প উড়ে যায় তখন হাততালি দিয়ে টাইগারদের অভিনন্দন জানাতে ভোলেন না প্রবাসীরা।
টাইগাররা ম্যাচ জিতলে প্রবাসীরা মিষ্টি বিতরণ ও বাসায় সবাই মিলে বিরিয়ানি রান্না করে খেয়ে জয় উৎযাপন করেন।বাংলাদেশ জিতলে প্রবাসীদের ফেসবুক ওয়াল ভরে উঠে টাইগারদের ছবি আর অভিনন্দন বার্তায়।
কুয়ালালামপুর সহ মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় গড়ে ওঠা বাংলাদেশী রেস্টুরেন্টগুলো বড়-বড় এলসিডি টিভি বসিয়ে প্রবাসীদের খেলা দেখার সুযোগ করে দেয়। দলমত নির্বিশেষে প্রবাসী বাঙালিরা আনন্দের সাথে টিম টাইগার্সের খেলা উপভোগ করেন।
প্রবাসীরা সব সময় শুভকামনা জানান বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। টাইগারদের খেলা চলাকালীন ম্যাচ জেতার জন্য অনেকেই প্রার্থনা করেন।






