টেস্টে বিপর্যয়ের শিক্ষাটা কাজে লাগিয়ে ওয়ানডেতে আত্মবিশ্বাসী সিরিজ জয় আনা গেছে। এবার সেটা টি-টুয়েন্টিতে টেনে নেয়ার পালা। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার সেই মিশনে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে টস হেরে ব্যাট করবে বাংলাদেশ।
বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে নেমেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের একাদশে পেসার দুইজন, মোস্তাফিজ এবং রুবেল।
ক্যারিবীয়দের প্রিয় সংস্করণ চার-ছক্কার টি-টুয়েন্টি! ছোট ফরম্যাটের বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়নও তারাই। অন্যদিকে টাইগারদের কাছে টি-টুয়েন্টি মানেই আরেকটু হতাশা! সবশেষ সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর ছোট সংস্করণে হাহাকার ফুটে উঠেছে আরেকবার। সেখান থেকে বের হয়ে স্যামুয়েলস-লুইস-রাসেলদের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিত হবে সাকিব-রিয়াদদের।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে ৬টি। যার মধ্যে দুটিতে জয় বাংলাদেশের। হার তিন ম্যাচে। ২০১৪ সালে সেন্ট কিটসে সবশেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। পূর্ণাঙ্গ সিরিজের একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে ওপেনার তামিম ও এনামুলের দারুণ শুরুর পর বৃষ্টিতে ভেসে যায় ম্যাচ।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আরিফুল হক।








