তিন প্রস্তুতি ম্যাচ আর কন্ডিশনিং ক্যাম্পে ঝালিয়ে নেওয়ার পর আসল লড়াইয়ে নেমে পড়েছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিং করবে টাইগাররা।
ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার জায়গায় নেতৃত্বের ভার সামলাচ্ছেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান।
এই সিরিজে স্বাগতিকরা ছাড়াও টাইগারদের আরেক প্রতিপক্ষ নিউজিল্যান্ড। দুদলের বিপক্ষে মোট চারটি ম্যাচ খেলবেন মাশরাফিরা। দুটি আইরিশ ও একটি কিউই ম্যাচ জিতলেই র্যাঙ্কিংয়ের ছয়ে পৌঁছে যাবে বাংলাদেশ। তাতে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নেয়াও নিশ্চিত হবে। সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ কিছু করার বাড়তি আত্মবিশ্বাসের খোঁজও লক্ষ্যে থাকছে বাংলাদেশের।
আয়ারল্যান্ডের মাটিতে ২০১০ সালের পর ওয়ানডে খেলতে নামল বাংলাদেশ। এখানে রেকর্ড ভালো নয় টাইগারদের। তিন ম্যাচ খেলে দুটি হারের পিঠে একটি জয়। ১৯৯৯ সালের বিশ্বকাপে ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে হার; আবার আইরিশদের বিপক্ষেই পরের হারটি। ২০১০ সালের সফরে প্রথম ম্যাচে ৭ উইকেটে হারার পর দ্বিতীয়টিতে ৬ উইকেটে জিতেছিল লাল-সবুজরা।
বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।









