এ কোন রিয়াল মাদ্রিদ! রোববার লা লিগায় নবাগত জিরোনার মাঠে ২-১ গোলে হারের পর চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যাম হটস্পারও তাদের হারিয়ে দিয়েছে। রোনালদোদের ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠে গেছে দলটি।
এই হারের পর ‘এইচ’ গ্রুপে দ্বিতীয় স্থানে নেমে গেছে রিয়াল। চার ম্যাচ শেষে সাত পয়েন্ট তাদের। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে টটেনহ্যাম।
২০০৮ সালের পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এই প্রথম এত বড় হার দেখতে হল রিয়ালকে। সেবার দলটি জুভেন্টাসের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল। টটেনহ্যামের বিপক্ষে ২০১২ সাল থেকে টানা ৩০ ম্যাচ অপরাজিত ছিল স্প্যানিশ জায়ান্টরা
টটেনহ্যাম এদিন ২৭ মিনিটে আলির গোলে এগিয়ে যায়। ডান দিক থেকে স্বদেশী ডিফেন্ডার কিয়েরন ট্রিপিয়ারের ভলিতে ছয় গজ বক্সে বল পেয়ে জালে ঠেলে দেন ইংলিশ মিডফিল্ডার আলি। এই গোলটি নিয়ে রিয়ালের আপত্তি ছিল। টিভি রিপ্লেতেও অফসাইড দেখা যায়।
আলি দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে আরেকটি গোল করে রিয়ালকে ভড়কে দেন। ডি-বক্সের বাইরে বাধা এড়িয়ে আলির নেওয়া জোরালো শট রামোসের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। দশ মিনিট বাদে এরিকসন ব্যবধান ৩-০ করেন।
রোনালদো ম্যাচ শেষ হওয়ার মিনিট দশেক আগে এক গোল শোধ দেন। ততক্ষণে টটেনহ্যাম রক্ষণাত্মক পজিশন নিয়ে ফেলায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় জিদানের দলকে।
‘ই’ গ্রুপে নিজেদের মাঠে মারিবোরকে ৩-০ গোলে হারানো লিভারপুল ৮ পয়েন্ট নিয়ে শীর্ষ আছে। অন্য ম্যাচে মস্কোকে ২-১ গোলে হারিয়ে স্পেনের ক্লাব সেভিয়া ৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।







