গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারী নিব্রাস সহ কয়েকজন জঙ্গিকে ঝিনাইদহে আশ্রয়দাতা শামীম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৫ মে শামীমকে ঝিনাইদহ থেকে গ্রেফতার করে ঢাকায় আনা হয়। এরপর তার দেয়া তথ্য অনুযায়ী রোববার ভোরে সিটিটিসি ঝিনাইদহের ওই আস্তানায় অভিযান চালায়।
রোববার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম এসব তথ্য দেন।
তিনি বলেন, শামীম নব্য জেএমবির সদস্য। হলি আর্টিজানের হামলাকারী নিব্রাস সহ বেশ কয়েকজন জঙ্গি ঝিনাইদহে অবস্থানকালে তাদের থাকা-খাওয়াসহ বিভিন্ন কাজে সহায়তা করতো শামীম।
‘সে প্রথমে জেএমবির সদস্য ছিল, পরে নব্য জেএমবিতে যোগ দেয়।’
মনিরুল ইসলাম আরো বলেন, শামীম ঝিনাইদহের মানুষ। সেখানে তার নিজের বাড়ি রয়েছে। দীর্ঘদিন যাবত জঙ্গি কার্যক্রমে তিনি সহযোগিতা করেছেন।
তার সঙ্গে হলি আর্টিজান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীরও ঘনিষ্ট যোগাযোগ ছিল বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম প্রধান মনিরুল ইসলাম।







