অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজে জয়ে ফিরল এইচপি (হাই পারফরম্যান্স) ইউনিট। লো স্কোরিং ম্যাচে ১৩ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলে রোমাঞ্চকর এক জয় এনে দেন মাহফুজুর রহমান। সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে যায় ৯ দলের আসরে বাংলাদেশের দলটির সেমিফাইনালও।
শনিবার ডারউইনের টিআইও স্টেডিয়ামে পার্থ স্কর্চার্সকে আকবর আলীর দল হারায় ৩ উইকেটে। ছয় ম্যাচে এটি তৃতীয় জয় বাংলাদেশের। পয়েন্ট টেবিলে অবস্থান তিন নম্বরে।
১৩০ রানের লক্ষ্যে পৌঁছাতে লাগে ১৯.৩ বল। হারাতে হয় সাত উইকেট। দুটি করে চার-ছয়ে ১৩ বলে ৩২ রানের হার-না-মানা ইনিংস খেলে জয়ের নায়ক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা মাহফুজ।
বাংলাদেশের অবস্থান এখন পয়েন্ট টেবিলের ৩ নম্বরে। রোববার সেমিফাইনাল ও ফাইনাল একই দিনে অনুষ্ঠিত হবে।
পাঁচবারের বিগ ব্যাশ লিগ (বিবিএল) চ্যাম্পিয়ন পার্থ স্কর্চার্স একাডেমি আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে করতে পারে ১২৯ রান। স্বাগতিক ওপেনার তেগুয়ে ওয়াইলি ৫৬ রান করেন। ব্যাক্সটার হল্ট করেন ৩৪ রান।
পেসার রিপন মন্ডল মাত্র ১৯ রান খরচায় দখলে নেন দুটি উইকেট। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানও নেন দুটি উইকেট।
১৩০ রানের লক্ষ্যে শুরুতেই ওপেনার তানজিদ হাসান তামিমকে (১) হারায় বাংলাদেশ। তিনে নামা পারভেজ হোসেন ইমন ৯ বল খেলেও রানের দেখা পাননি। এরপর আরিফুল ইসলাম জনির ব্যাট থেকে ২ রানের বেশি আসেনি। দ্রুত তিন উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েন জিসান আলম ও অধিনায়ক আকবর।
জিসান ২৬ ও আকবর ৩৫ রান করে সাজঘরে ফেরেন। জুটি গড়ার চেষ্টায় থাকায় রানের গতি খুব একটা বাড়াতে পারেননি তারা। শামীম হোসেন পাটোয়ারি ১৭ বলে ১৬ রান করে ফিরলে জয়ের আশা কমে যায়।
মাহফুজ যখন ক্রিজে নামে ২৩ বলে দরকার পড়ে ৪১ রান। দুর্দান্ত ইনিংসে ৩ বল আগেই জয় পায় এইচপি।








