ফিফা কনফেডারেশন্স কাপের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে রাশিয়া। শনিবার নিউজিল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে স্বাগতিকরা।
কাপের আসরে অংশ নিচ্ছে ৮টি দেশ। ২০১৮ সালে রাশিয়ায় বসতে যাওয়া বিশ্বকাপের পোশাকি মহড়াও বলা হচ্ছে এই টুর্নামেন্টকে। তাই নির্বিঘ্নে একটি জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট আয়োজনের প্রতিই বেশি ঝোঁক রাশানদের। সঙ্গে স্বাগতিকরা মাঠের ফুটবলেও বাজিতে কোন ছাড় দেবে না বলে জানিয়েছিলেন দেশটির ফেডারেশনের মুখপাত্র। জয়ে শুরু করে সেটির ইঙ্গিতই দিল রাশিয়া।
সেন্ট পিটার্সবার্গের ক্রেসতোভস্কি স্টেডিয়ামে রাশিয়ার প্রতিপক্ষ নিউজিল্যান্ড এমনিতেই আন্ডাররেটেড দল! এরপরও কোচ স্তানিস্লাভ চেরচেসোভ সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন শিষ্যদের। সেজন্যই হয়ত শুরুতেই পিছিয়ে পড়তে হয়নি স্বাগতিকদের। শুরুর দিকে নিউজিল্যান্ডের দারুণ দুটি আক্রমণ গোললাইনের একেবারে কাছে থেকে ফিরিয়ে জাল অক্ষত রাখে রাশিয়া।
ম্যাচের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অবশ্য আক্রমণের ধার বাড়াতে থাকে রাশিয়া। সিএসকে মস্কোর মিডফিল্ডার অ্যালেক্সান্ডার গোলোবিন স্বাগতিকদের সাফল্যে এনে দিতে পারতেন প্রথম ত্রিশ মিনিটের মধ্যেই। দারুণ ড্রিবলিংয়ের কারণে ‘রাশিয়ান মেসি’ নামে পরিচিতি পাওয়া গোলোবিনের অসাধারণ একটি প্রচেষ্টায় দেয়াল হয়ে দাঁড়ান সফরকারী গোলরক্ষক স্টিফেন মারিনোভিচ।
প্রথম সাফল্য আসে আত্মঘাতী গোলে। ম্যাচের ৩১ মিনিটে মিচেইল বক্সাল নিজেদের জালে বল জড়িয়ে স্বাগতিকদের উল্লাসের উপলক্ষ এনে দেন। প্রথমার্ধের বাকিটা সময় গোলশূন্যই থাকে ম্যাচ।
মধ্যবিরতির পরও আবার জাল খুঁজে পাচ্ছিল না রাশিয়া। দ্বিতীয় সাফল্যটি আসে ৬৯ মিনিটে। এসময় ফিওদর স্মোলভ ব্যবধান দ্বিগুণ করেন। জাতীয় দলের হয়ে শেষ চার ম্যাচে এটি তার তৃতীয় গোল।
পরে সেই ব্যবধান ধরে রেখেই কোচ অ্যান্থনি হাডসনের অল-হোয়াইট শিষ্যদের হারিয়ে মাঠ ছাড়ে রাশানরা।
টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে রোববার ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল মুখোমুখি হবে মেক্সিকোর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।








