হ্যামিল্টন টেস্টের চতুর্থ দিন শেষেই জয়ের সুবাস পেতে শুরু করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। মঙ্গলবারের খেলা শেষে সাউথ আফ্রিকা এখনো কিউইদের চেয়ে পিছিয়ে আছে ৯৫ রানে। হাতে রয়েছে পাঁচ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় প্রোটিয়ারা। শেষ পর্যন্ত তারা দিন শেষ করেছে ৫ উইকেটে ৮০ রান তুলে। অধিনায়ক ফ্যাফ ডু প্রেসিস ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক ১৫ রান করে তুলে অপরাজিত আছেন।
কিউই বোলারদের মধ্যে জিতান প্যাটেল দুটি, ম্যাট হেনরি ও কলিন গ্র্যান্ডহোম একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে তৃতীয় দিনের করা ৪ উইকেটে ৩২১ রান নিয়ে সকালে ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসন ১৪৮ রানে ক্রিজে এসে আরো ২৮ রান যোগ করে ১৭৬-এ আউট হন। মরকেলের বলে ফিনল্যান্ডারের হাতে ধরা পড়ার সময় ২৮৫ বলে ১৬ চার ও ৩ ছয়ে এই রান করেন অধিনায়ক।
সঙ্গে কলিন গ্র্যান্ডহোমের ৫৭ রানে ৪৮৯ রান তুলে সফরকারীদের চাপে ফেলে স্বাগতিকরা। তারা প্রথম ইনিংস থেকে লিড পায় ১৭৫ রানের। সেটিই বোঝা হয়ে দাঁড়িয়েছে প্রটিয়াদের সামনে।
প্রোটিয়া বোলারদের মধ্যে মরনে মরকেল ও ভারনন ফিনল্যান্ডার চারটি করে উইকেট নেন। দুটি কেশব মহারাজের।










