প্রথম ইনিংসে নিয়ন্ত্রণ নিতে পারলেই ওয়েলিংটন টেস্টে ভালো কিছু করা সম্ভব হবে বলে মনে করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শুক্রবার ভোর ৪টায় শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। ওয়েলিংটনের উইকেট ব্যাটিং সহায়ক হবে বলছেন বাংলাদেশ অধিনায়ক। নিউজিল্যান্ডে টেস্ট জেতার সামর্থ্য আছে বলেও তার।
আগের চার সফরের মতো এবারের সফরেও এখন পর্যন্ত নিউজিল্যান্ডে জয়হীন বাংলাদেশ। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় তারা। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে একাধিক ব্যাটসম্যান বড় ইনিংস খেললেও শেষ পর্যন্ত ইনিংস হার এড়াতে পারেননি সফরকারীরা। তবে অবস্থা যাই হোক না কে, মাহমুদউল্লাহ বিশ্বাস করেন, নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জেতার সামর্থ্য আছে বাংলাদেশের।
দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘জেতাটা আসলেই গুরুত্বপূর্ণ। আমরা জেতার জন্যই খেলব আর আমি মনে করি এই স্পৃহাটাই বেশি গুরুত্বপূর্ণ।’
জয়ের কথা কেন বলছেন সেটাও জানান মাহমুদউল্লাহ,‘আমি আগের টেস্টেও বলেছিলাম আমরা আগ্রাসী ও ইতিবাচক ক্রিকেট খেলব। আমরা এখানে আমরা খেলার জন্যই খেলতে আসিনি, আমরা জিততে এসেছি। আমি বিশ্বাস করি বাংলাদেশ নিউজিল্যান্ডে টেস্ট জিততে পারে। যদিও চ্যালেঞ্জটা কঠিন হবে, কিন্তু আমি তারপরেও এটি বিশ্বাস করি যে আমরা জিততে পারি।’
দ্বিতীয় টেস্টে তামিম ইকবালের খেলা নিয়ে আশাবাদী অধিনায়ক মাহমুদউল্লাহ। তবে মুশফিকুর রহিমের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। মোস্তাফিজুর রহমানের ফেরার ব্যাপারেও আভাস দিয়েছেন মাহমুদউল্লাহ।
অধিনায়ক বলেন, ‘তামিমের ব্যাপারে আমি আশাবাদী। আজ ও ব্যাটিং করবে। ওর খেলা নিয়ে আমি আশাবাদী। আর মুশফিককে হয়তো বা পরের ম্যাচে পাচ্ছি না। তৃতীয় ম্যাচে আমরা অবশ্যই ওকে পাব।’
চোটের কারণে সাকিব আল হাসান নেই। ইনজুরির কারণে মুশফিক মাঠে নামতে পারছেন না। তামিমকে নিয়ে দোলাচল। স্কোয়াডে কোনো বিকল্প ব্যাটসম্যান নেই। নিউজিল্যান্ড সফরে এটি পরিকল্পনার অংশ ছিল কি না—এমন প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ বলেন, ‘না, এটা পরিকল্পনার অংশ ছিল বলা ঠিক হবে না। আর চোট তো খেলারই অংশ। এটা হলে কিছু করার থাকে না। পেশাদার খেলোয়াড় হিসেবে এসব ধাক্কা (চোট) তো মানতেই হবে। অন্যান্য ফ্যাসিলিটিজ যদি বলেন সব ঠিক আছে।’
দুই বছর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৯৫ রান তুলেও হেরেছিল বাংলাদেশ। হেরে যাওয়া ম্যাচে প্রথম ইনিংসে এটি কোনো দলের সর্বোচ্চ রান। এবার সেখানকার উইকেট কেমন হবে? মাহমুদউল্লাহ সবশেষ সফরের প্রসঙ্গ টেনেই বলেন, ‘গতবারও কিন্তু উইকেট এমন সবুজাভ ছিল। প্রথম দিনটা একটু কঠিন হতে পারে। তবে দিন গড়িয়ে চলার সঙ্গে এটা ব্যাটিং সহায়ক হয়ে উঠবে বলেই মনে করি।’
ওয়েলিংটনে মোস্তাফিজ ফিরছেন নিশ্চিত। তবে কার জায়গায়? অধিনায়ক জানান, ‘ওরা (তিন পেসার খালেদ, জায়েদ, ইবাদত) অনেক কিছু চেষ্টা করেছে। শর্ট বল, বাইরেও করেছে। আরেকটু ধারাবাহিক হলে ভালো লাগবে। অবশ্যই ওরা ভালো বোলার। ওদের একটু সময় দিতে হবে। আর মোস্তাফিজ হয়তো বা অবশ্যই ফিরবে। তবে কার জায়গায় সেটি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।’








