বিপিএলে বৃহস্পতিবার দিনের একমাত্র ম্যাচে রাজশাহী কিংসকে ১৬২ রানের লক্ষ্য দিয়েছে বরিশাল বুলস। মিরপুরের হোম অব ক্রিকেটে ওপেনার ডেভিড ম্যালানের ৫৬ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬১ রান করে বরিশাল বুলস।
রাজশাহীর বোলারদের মধ্যে মেহেদি মিরাজ, মোহাম্মদ সামি ও ফরহাদ রেজা প্রত্যেকে একটি করে উইকেট পান।
টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৭ রানের মাথায় জীবন মেন্ডিসকে(৬) রানে ফরহাদ রেজার কাছে তালুবন্দি করে সাজঘরে ফেরত পাঠান মেহেদি হাসান মিরাজ।
কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে রাজশাহীর বোলারদের ওপর তাণ্ডব চালায় ডেভিড ম্যালান ও ফজলে মাহমুদ। বেশি আগ্রাসী ছিলেন ইংলিশ ব্যাটসম্যান ম্যালান।এই দুই ব্যাটসম্যান মাত্র ৭৫ বলে ১০০ রানের জুটি গড়েন।
ফরহাদ রেজার করা দলীয় ১৪তম ওভারে আউট হন ম্যালান ও ফজলে মাহমুদ। ম্যালান ৩৩ বলে ছয়টি চার ও তিনটি ছয়ে ৫৬ রান করে রান আউটের শিকার হন।আর ফজলে মাহমুদ ৪৩ বলে চারটি চার ও দুটি ছয়ে ৪৩ রান করে ধরা পড়েন মেরাজের কাছে।
চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক মুশফিক ও থিসারা পেরেরা ৩৬ রান যোগ করে। দলীয় ১৪৩ রানের মাথায় মোহাম্মদ সামির বলে আউট হয়ে গেলেও শেষদিকে থিসারা পেরেরার ২৯ ও শাহরিয়ার নাফিসের ৫ বলে দুই ছয়ে ১৪ রানের ওপর ভর করে ১৬১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বরিশাল বুলস।








