কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৬২ রানের লক্ষ্য দিয়েছে চিটাগাং ভাইকিংস। টসে হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও শোয়েব মালিকের ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৬১ রান করে চিটাগাং।
দুই ওপেনার তামিম ও স্মিথ ৩৬ রানের জুটি গড়ার পর বিদায় নেয় স্মিথ। এরপর বিজয়কে নিয়ে জুটি গড়েন তামিম। কিন্তু দলের ৮০ রানের মাথায় রান আউটের খড়গে কাটা পড়েন তামিম।
মোহাম্মদ শরীফের করা ১১তম ওভারের শেষ বলে ওয়াইড লং অনে ঠেলে এক রান নেন বিজয়। কিন্তু তামিম ক্ষান্ত হননি। দুই রানের জন্য ক্রিজ থেকে বের হন, ফিল্ডার শান্ত দ্রুত বল পাঠান উইকেট রক্ষকের কাছে। ফিফটি করে নিজের উইকেটটি এক প্রকার বিলিয়েই দিয়ে আসেন তামিম।
এর আগে চার ছক্কার ফুলঝুড়ি দিয়ে তুলে নেন তামিম বিপিএলের প্রথম ফিফটি। নবম ওভারে নাহিদুল ইসলামের বলে অন সাইডে ফ্লিক করে মাত্র ৩২ বলে তুলে নেন এবারের বিপিএলের প্রথম হাফ সেঞ্চুরি। ৩৮ বলে ৫৪ রানের ইনিংসটি তামিম সাজান ছয়টি চার ও দুটি ছ্ক্কা দিয়ে।
তামিমের রান আউটের পর-পরই রান আউটের শিকার হন এনামুল বিজয় (২২)। এরপর দলের হাল ধরেন অভিজ্ঞ শোয়েব মালিক ও জহিরুল ইসলাম। শেষদিকে শোয়েব মালিকের অপরাজিত ৪২ রানের সুবাদে কুমিল্লাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে পারে চিটাগাং।
কুমিল্লার পক্ষে একটি উইকেট নেন ইমাদ ওয়াসিম।








