কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নে জোয়ারের স্রোতে ভেসে ৪ শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়নের মনছুর আলী হাজির পাড়া ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে আসা জোয়ারের পানিতে এসব শিশু ভেসে যায়।
তারা হলো ওই এলাকার আবুল হাশেমের মেয়ে নয়ন মনি (১১), আকতার হোসাইনের ছেলে মিছবাহ উদ্দিন (৭), কামাল হোসাইনের মেয়ে সুমি আকতার (৮) এবং কাইছার হামিদের মেয়ে প্রিয়া মণি (৫)।
এরা সবাই আফাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
কুতুবদিয়া থানার ওসি আংসা থোয়াই জানিয়েছেন, বেড়িবাঁধের কারণে কুতুবদিয়ার জোয়ারের পানি প্রবেশ অব্যাহত রয়েছে। পানিতে ভেঙ্গে গেছে ওই ইউনিয়নের যাতায়তের রাস্তাটিও। ওই রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে ওই ৪ শিশুকে স্রোতে ভাসিয়ে নিয়ে যায়।
উত্তর ধুরুং ইউনিয়নের চেয়ারম্যান আ.স.ম শাহরিয়ার চৌধুরী জানান, চার শিশু বিকেলে ঈদের খুশি ভাগ করতে পাশের এলাকার স্বজনের বাড়িতে যায়। ফেরার সময় জোয়ারের পানিতে তারা ভেসে যায়।
অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সকাল ১০ টার দিকে এদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
কুতুবদিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল আলম জানান, নিহতের প্রত্যকের পরিবারকে নগদ ১৫ হাজার টাকা ও ১ বস্তা চাল দেয়া হয়েছে।








