ফর্মে ফিরে সেঞ্চুরি করেছেন জো রুট। ইংল্যান্ড অধিনায়কের সঙ্গে তিন অঙ্ক ছুঁয়েছেন ররি বার্নস। দুজনের জোড়া শতকের পরও হ্যামিল্টন টেস্টে এখনো পাল্লা ঝুঁকে নিউজিল্যান্ডের দিকেই। তবে শুরুর ধাক্কা সামলে ইংল্যান্ডের জন্য আশা জাগাচ্ছে বার্নস-রুটের লড়াই।
২২৮ বলে ১১৪ রানে অপরাজিত রুট। তৃতীয় দিনশেষে ৫ উইকেটে ২৬৯ রান তুলেছে ইংল্যান্ড। এখনো নিউজিল্যান্ডের চেয়ে ১০৬ রানে পিছিয়ে ইংলিশরা। নিজেদের প্রথম ইনিংসে ৩৭৫ রান করে স্বাগতিক কিউইরা।
দ্বিতীয়দিন ৩৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ইংল্যান্ড। সেখান থেকে বার্নসের সঙ্গে ১৭৭ রানের জুটিতে চাপমুক্ত করেন রুট। টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি তুলে নেয়া বার্নস আউট হন ১০১ রানে।
চা-বিরতির পর জোড়া উইকেট নিয়ে ম্যাচে ফেরে নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ৪৫ মিনিট থাকতে খেলা বন্ধ হয়। তার আগে টিম সাউদি ফেরান বেন স্টোকসকে (২৬)। আর নিল ওয়াগনারের শিকার অভিষিক্ত জ্যাক কাউলি।
প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ২ ও ১১ রান করেছিলেন রুট। এই টেস্টের প্রথম ইনিংসেই সেঞ্চুরি। চলতি বছর ১০ টেস্টে অবশ্য বাজে পারফর্ম করেছেন রুটি। যেখানে তার গড় মাত্র ২৭.৪০। তাতে ২০১৪ সালের পর প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ দশ থেকে ছিটকে গেছেন। ১৫ ইনিংস পর ক্যারিয়ারের ১৭তম টেস্ট সেঞ্চুরি পেলেন রুটি।
হ্যামিল্টন টেস্টের প্রথম তিনদিনই কম-বেশি বৃষ্টি হয়েছে। শেষ দুদিনে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। ইংল্যান্ডকে দুই টেস্টের সিরিজ ড্র করতে হলে এই টেস্ট জিততেই হবে। প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জিতে ১-০তে এগিয়ে আছে নিউজিল্যান্ড।








