দুঃসময়টা লম্বা হতে দিলো না আর্সেনাল। টানা দুই ম্যাচে হারের ধাক্কাকে পেছনে ফেলল অ্যালেক্সিস সানচেজের জোড়া গোলে। হাল সিটিকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে গানাররা।
ওয়াটফোর্ড ও চেলসির বিপক্ষে হারের স্মৃতি নিয়ে শনিবার ঘরের মাঠে নেমেছিল আর্সেন ওয়েঙ্গারের দল। ম্যাচে অবশ্য শুরুতেই পরীক্ষায় পড়তে হয় তাদের। প্রথম ২০ মিনিটে হাল সিটির দুটি আক্রমণ ব্যর্থ হয়।
স্বাগতিকরা দ্রুত আক্রমণেও ফেরে। কিন্তু সাফল্য আসছিল না। চেষ্টা ধরে রেখে এরপর ৩৪ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। এসময় কিয়েরন গিবসের শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়েছিলেন অতিথি গোলরক্ষক। কিন্তু গ্লাভসে রাখতে পারেননি। ফিরতি বল সানচেজের শরীরে লেগে হালের জালে জড়িয়ে গেলে উল্লাসে মাতে গানাররা।
প্রথমার্ধে আর গোল হয়নি। মধ্যবিরতির পর ফিরেও প্রতিপক্ষের জালমুখ খুলতে পারছিল না দুদলের কেউই। যোগ করা সময়ে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান দ্বিগুণ করেন চিলিয়ান সানচেজ। লুকাস পেরেজের মাথা ছুঁয়ে আসা বল অতিথি মিডফিল্ডার স্যাম ক্লুকাসের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। তা থেকে গোল করে চলতি মৌসুমে লিগে ১৭তম সাফল্যটি দেখেন সানচেজ।
এই জয়ে ২৫ ম্যাচে ৫০ পয়েন্ট হলো আর্সেনালের। তারা টেবিলের তিনে। চেলসি ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে। আর ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে টটেনহ্যাম হটস্পার। তবে একটি করে ম্যাচ কম খেলেছে দুদলই।







