বলিউডের সুরকার ও সংগীতশিল্পী পাপনের হোলি উদযাপনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। একটি সংগীতভিত্তিক রিয়ালিটি শো-এর এক আদিবাসী শিশু প্রতিযোগীকে জোরপূর্বক চুম্বনের সেই ভিডিও থেকে এবার মামলা দায়ের করা হয়েছে আসামের জনপ্রিয় এই শিল্পীর বিরুদ্ধে।
পাপনের ফেসবুক লাইভের ভিডিওটিতে দেখা গেছে, সেই অনুষ্ঠানের হোলি উদযাপন পর্বের শুটিং এর ফাঁকে পাপন অন্যসব প্রতিযোগীর মাঝে সেই প্রতিযোগীকে রং মেখে দিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে চুমু খাচ্ছেন। এবং তারপরই শিশুটি একদম হতবাক হয়ে পড়ে। আর এই ভিডিও দেখে পাপনের কাণ্ডে বিস্মিত হয়েছেন পাপন ভক্তসহ সকলেই।
পাপন মূলত শান এবং হিমেশ রেশমিয়ার সাথে ভয়েস ইন্ডিয়া কিডস অনুষ্ঠানটিতে বিচারক হিসেবে আছেন। সেই অনুষ্ঠানের হোলির বিশেষ পর্বের শুটিং এর দিনই এই ঘটনা ঘটে।
সুপ্রীম কোর্টের বিচারক রুনা ভূঁইয়া পাপনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছেন। শুধু তাই নয়, ভারতের জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনের কাছে শিশু প্রতিযোগীদের নিরাপত্তার আশ্বাস চেয়ে চিঠিও দিয়েছেন তিনি। পাপনের এমন আচরণে ক্ষুব্ধ হয়েছেন ভিডিও দেখা প্রায় সকলেই। রিয়ালিটি শো গুলোতে শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন আইন জারি হওয়ার ব্যাপারে পদক্ষেপ নেয়া উচিত বলে মনে করছেন অনেকেই।










