সিরাজগঞ্জে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৪ নারী সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সিরাজগঞ্জ শহরের মাসুমপুর উত্তরপাড়ার একটি বাসা থেকে গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৬টি ককটেল, গ্রেনেড তৈরির সরঞ্জাম ও জঙ্গিবাদী বই উদ্ধার করা হয়েছে।
রোববার ভোররাতে সিরাজগঞ্জ শহরের মাসুমপুর উত্তরপাড়া মহল্লার হুকুম আলীর বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন, সলঙ্গা থানার বাদুলাপুর গ্রামের মাহবুবুর রহমান ওরফে মাহবুবের স্ত্রী নাদিরা তাবাসসুম রানী, বগুড়ার শাহজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোটের মো. খালিদ হাসানের স্ত্রী হাবিবা আক্তার মিশু, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বোচাগঞ্জ গ্রামের মনিরুল ইসলাম সরদার ওরফে মামুনের স্ত্রী রুনা বেগম ও বগুড়ার শাহজানপুর উপজেলার পরানবাড়ীয়া গ্রামের রফিকুল সুজন আহমেদ বিজয়ের স্ত্রী রুমানা আক্তার রুমা।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ জানান, মাছুমপুর মহল্লার হুকুম আলীর ভাড়া বাড়ীতে জেএমবি সদস্যরা নাশকতামূলক কর্মকান্ডের উদ্দেশ্যে গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে রাত সোয়া তিনটার দিকে ওই বাড়ীতে অভিযান চালানো হয়।
এ সময় বাড়ীর ভেতর থেকে ১৩টি জিহাদী বই, ৬টি ককটেল, গ্রেনেড তৈরীর বিভিন্ন উপকরণ, ১০টি ছোট সার্কিট বোর্ড ও লোহার তৈরী গ্রেনেডের বডিসহ চার নারী জেএমবি সদস্যকে আটক করা হয়।
এর আগে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যোকারচর রেলগেট এলাকা থেকে জেএমবির তিন নারী সদস্যকে আটক করেছিলো কালিহাতী থানা পুলিশ। গত ৬ জুলাই রাতে তাদের আটক করা হয়।







