কোচ মাউসিরিও সারি আচমকাই চ্যাম্পিয়ন্স লিগের দল থেকে বাদ দিয়েছেন মিডফিল্ডার এমেরি কেন ও স্ট্রাইকার মারিও মানজুকিচকে। কেন আচমকা এই সিদ্ধান্ত? প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।
৩৩ বছরের মানজুকিচ এখনো দলে অপরিহার্য। ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার জন্য কথাবার্তা চলছিল। কিন্তু পাকাপাকি কিছু হয়নি। মুখ খুলেছেন জার্মানির মিডফিল্ডার কেনও। তার কথায়, ‘জুভেন্টাসের দায়িত্ব নেয়ার পরে সারি আমাকে দল ছাড়তে নিষেধ করেছিলেন। তার কথা শুনে আমি পিএসজিকে না করে দিয়েছি। এখন আমি দল থেকে বাদ।’
চোটের জন্য জুভেন্টাস কোচ দলে রাখেননি কিয়েল্লিনিকে। সই করা নতুন ছয় ফুটবলারকে রেখেছেন দলে। সেখানে স্থান পেয়েছেন ওয়েলস মিডফিল্ডার অ্যারন রামসে। চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের গ্রুপে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, বেয়ার লেভারকুসেন ও লোকোমোটিভ মস্কোর মতো দল।
এদিকে জুভেন্টাসের অশান্তির মধ্যেই নিজ দেশে সেরার মুকুট পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। টানা দশবার পর্তুগালের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি। যা সামাজিক মাধ্যমে ভাইরাল। সেখানে রোনালদোর সাবেক কোচ আলেক্স ফার্গুসন একটি ভিডিও আপলোড করেছেন।
রোনালদোকে অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, ‘আমি খুবই দুঃখিত। তোমার সঙ্গে থাকতে না পেরে। ১৭ বছর আগে তোমাকে দেখেছিলাম ম্যানচেস্টার ইউনাইটেডে। তখন থেকে তোমায় দেখে রেখেছি। আশা করি, আরও উপরে উঠবে। বিশ্বের একনম্বর স্পোর্টসম্যান হিসেবে বারবার নিজেকে প্রমাণ করে যাবে।’
সব শেষে তিনি রোনাল্দোর পরিবারকে অভিনন্দন জানিয়েছেন। রোনালদোকে সংবর্ধিত করার জন্য নাকি ফার্গুসনকে আমন্ত্রণ জানিয়েছিল পর্তুগাল। অসুস্থতার জন্য তিনি যেতে পারেননি। জুভ তারকা অবশ্য এখন ব্যস্ত দেশের হয়ে ইউরো কাপের কোয়ালিফাইং খেলতে।








