প্রতিপক্ষ বার্সেলোনা বলেই জুভেন্টাস কোচ মাসিমিলানিও আলেগ্রির আনন্দটা বেশি হচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগের এমন একটা ম্যাচে মেসি-নেইমারদের ৩-০ গোলে হারানো চাট্টিখানি কথা নয়। জুভেন্টাসে আসার পর এটাই নাকি তার সেরা ম্যাচ।
‘আমরা অসাধারণ খেলেছি। আক্রমণ এবং রক্ষণে দারুণ দক্ষতা দেখাতে পেরেছি। এখানে আসার পর এটাই আমার সেরা ম্যাচ। মনে হয়ে জুভেন্টাসেরও।’ ম্যাচ শেষে বলছিলেন আলেগ্রি।
মঙ্গলবার রাতে মূলত দিবালার কাছেই হেরে গেছে বার্সা। প্রথমার্ধের ৭ এবং ২২ মিনিটে দুই গোল করে মেসিদের ম্যাচ থেকে ছিটকে দেন তিনি। এরপর ৫৫ মিনিটের সময় শেষ গোলটি করেন কিয়েলিনি। লিগে টিকে থাকতে হলে ফিরতি ম্যাচে ৪-০ গোলে জিততে হবে মেসিদের।
এই ম্যাচের পর জুভেন্টাস নিজেদের ক্লাব ইতিহাসে বেশ কিছু রেকর্ড গড়েছে। চলুন সেই সব রেকর্ডে চোখ বুলিয়ে নেয়া যাক:
১. দলটি নিজেদের মাঠে খেলা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৮ ম্যাচে অপরাজিত। জয় ১১ ম্যাচে, ড্র সাতটি। এই টুর্নামেন্টে নিজেদের মাঠে আগে কখনও এত ম্যাচ অপরাজিত থাকতে পারেনি তারা। চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে সর্বশেষ হারার রেকর্ড ২০১৩ সালের এপ্রিলে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে। ০-২ গোলে।
২. সব প্রতিযোগিতা মিলিয়ে জুভেন্টাস টানা ১৬ ম্যাচ জিতল। আর অপরাজিত ৪৮ ম্যাচে। ঘরের মাঠে যে কোনও প্রতিযোগিতায় তাদের শেষ হার ২০১৫ সালে।
৩. মাসিমিলানিও আলেগ্রি দলটির কোচ হিসেবে এখন চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি জয়ের মালিক। তার অধীনে পাঁচ ম্যাচে জয় পেল দলটি। এর আগের রেকর্ডটি ছিল ফ্যাবিও কাপেলো এবং অ্যান্টোনিও কন্টের।








