টাইব্রেকারে জুভেন্টাসকে হারিয়ে ইটালিয়ান সুপার কাপের শিরোপা পুনরূদ্ধার করলো এসি মিলান। সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে সর্বাধিক শিরোপা জয়ী জুভেন্টাসের পাশে নাম লিখিয়েছে ‘দ্য ডেভিল’।
দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচের ১৮ মিনিটে কর্ণার কিক থেকে কিয়েলিনি’র গোলে লিড নেয় জুভেন্টাস। বিরতিতে যাওয়ার সাত মিনিট আগে খেলা সমতায় ফেরান মিলান গিয়াকোমো বোনাভিনচোরা। অতিরিক্ত সময়েও কোনো দল গোলের দেখা পায়নি।
পরে পেনাল্টি শ্যুটআউটে জুভেন্টাসের হয়ে ছয়শ’তম ম্যাচ খেলতে নামা গোলরক্ষক গিয়ানলুইগি বুফনও দলের হার এড়াতে পারেন নি। ১৭ বছর বয়সী মিলান গোলরক্ষক গিয়ানলুইগ ডোনারুমা’র দারুণ সেভে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় এসি মিলান। ২০১১’র পর আবার শিরোপা জিতলো তারা। গত চার মৌসুম টানা চ্যাম্পিয়ন ছিল জুভেন্টাস।







