গত বছর ‘কৃষ’ মুক্তির ১৫ বছর পূর্তি উপলক্ষে এই সুপারহিরোর ফ্র্যাঞ্চাইজির চার নম্বর ছবি অর্থাৎ ‘কৃষ ফোর’ এর ঘোষণা দিয়েছিলেন বলিউড তারকা হৃতিক। এবার জানা গেল, চলতি বছরের জুনে শুরু হবে ছবির কাজ।
এই ছবির প্রোডাকশনের কাছের এক সূত্র ইটাইমসকে জানিয়েছে, ‘কৃষ ফোর-এর প্রস্তুতি শুরু হয়ে যাবে এই বছরের জুনে। ছবিতে কে কে থাকছেন তা নির্ধারণ করা হবে। ছবির নায়িকা কে হচ্ছেন তা এখনও ঠিক করেননি রোশানরা।’
হৃতিক বর্তমানে ‘বিক্রম ভেদা’ ছবির শুটিং করছেন। এরপর আগস্টে শুরু করবেন ‘ফাইটার’ ছবির শুটিং। এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে দীপিকাকে। ছবির শুটিং চলবে টানা ১০০ দিন। অর্থাৎ চলতি বছরের শেষে শেষ হবে ‘ফাইটার’-এর কাজ। ধারণা করা হচ্ছে, এরপরে ‘কৃষ ফোর’-এর কাজ শুরু করবেন হৃতিক।
এর আগে জানা গিয়েছিল, ‘কৃষ ফোর’ ছবির ভিএফএক্স-ও নাকি হলিউড ঘরানার হবে। যার জন্য হলিউডের নামকরা ভিএফএক্স সংস্থার সঙ্গে কথাবার্তা চালিয়েছেন রাকেশ রোশান ও হৃতিক।
২০০৩ সালে মুক্তি পায় হৃতিক রোশন ও প্রীতি জিনতা অভিনীত ‘কই মিল গেয়া’। ছবিটির ব্যাপক সাফল্যের পর ২০০৬ সালে নির্মিত হয় এর সিকুয়েল ‘কৃষ’। এতে যুক্ত হন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সাত বছর পর নির্মিত হয় চতুর্থ কিস্তি ‘কৃষ থ্রি’। এতেও হৃতিকের নায়িকা ছিলেন প্রিয়াঙ্কা।








