১৫৮ রানের চ্যালেঞ্জিং স্কোরের জবাবে খেলতে নেমে দ্বিতীয় উইকেট জুটিতে জুনায়েদ সিদ্দিক এবং রবি বোপারার ৮৬ রানের সংগ্রহে দাপুটে জয় পেয়েছে সিলেট সুপারস্টার্স। ঢাকা ডায়নামাইটসের বোলারদের শাসন করা এ দুই ব্যাটসম্যানই তাদের অর্ধশতক তুলে নেন।
টসে হেরে ব্যাট করতে নামা ঢাকা ডায়নামাইটস ৫ উইকেট হারিয়ে ১৫৭ রানের বড় সংগ্রহ পায়। তবে বোলারদের ব্যর্থতার দিনে শেষ ওভারে টানটান উত্তেজনা উপহার দেয় ম্যাচটি। ফরহাদ রেজার শেষ ওভারে পরপর দুটি ছক্কা মেরে হারের শঙ্কা জাগানো ম্যাচটিতে জয় এনে দেন অধিনায়ক শহিদ আফ্রিদি। মাত্র চার উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে ১৬২ রান করে জয়ের বন্দরে পৌছে যায় সিলেট সুপারস্টার্স।
জুনায়েদ সিদ্দিকের ৪৪ বলে ৫১ রানের ইনিংসটিতে ছক্কাই রয়েছে তিনটি, আর চারের মার একটি। রবি বোপারা সমান ৪ টি চার ও ৪টি ছয়ে ৪০ বল ৫৫ রানের ঝড়ো ইনিংসটি খেলেন। জশ কোবের বিদায়ের পর এই দুজনের ব্যাটেই জয়ের সুবাস পায় সিলেট। পরবর্তীতে অধিনায়ক শহীদ আফ্রিদি ও সোহেল তানভির জুটি বেশ এগিয়ে নিলে দলের জয় সময়ের ব্যাপার হয়ে ওঠে। সোহেল তানভির আউট হলেও মুশফিকুর রহিম আর আফ্রিদি জয় নিয়ে মাঠ ছাড়েন।
ঢাকা ডায়নামাইটসের হয়ে ফরহাদ রেজা দুই উইকেট লাভ করেন। একটি উইকেট পান ইয়াসির শাহ। বিস্ময়বালক মুস্তাফিজ কোনো উইকেট না পেলেও ৪ ওভার বোলিং করে ওভারপ্রতি মাত্র ৩.৫০ করে ১৪ রান দেন। অন্য বোলাররা রান চেক দেয়ার ক্ষেত্রে সাফল্য পাননি। সবচেয়ে বেশি মার খেয়েছেন ফরহাদ রেজা। তার ৩.৫ ওভারে দেয়া রান ওভার প্রতি ১০.৯৫ করে।
অধিনায়ক কুমার সাঙ্গাকারার ৪৮ রান এবং ফরহাদ রেজার ৩১ ও নাসির হোসেনের ৩১ রানে ১৫৭ রানের বড় সংগ্রহ পায় ঢাকা। সিলেটের আব্দুর রাজ্জাক দুটি এবং মোহাম্মদ শহীদ, রবি বোপারা ও রুবেল হোসেন একটি করে উইকেট লাভ করেন।






