সম্প্রতি ৫০০ ও ১০০০ টাকার নোট নিষিদ্ধ করার ঘটনায় তার বিরুদ্ধে অনেকেই পথে নেমে এসেছেন। কেউ কেউ বলছে, অন্তত কিছুদিন আগে একবার বলে নিলে সবাই প্রস্তুত হতে পারতো।
কিন্তু মোদি বললেন, কোনো ভয়ই তাকে তার কাজ থেকে সরাতে পারবে না। তাকে জীবন্ত পুড়িয়ে দিলেও না।
গোয়ায় দেওয়া এক ভাষণে তিনি একথা বলেন। রবিবার এক টুইটারেও সেকথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি আরো বলেন, আমি খারাপ দিনগুলো সামনে থেকে দেখেছি। মানুষের কষ্ট আমি বুঝি। এই কষ্ট শুধু ৫০ দিনের জন্য। ৫০ দিন পর আমরা সাফাই কাজে সফল হয়ে যাবো।
কাজের প্রতি নিজের ভালোবাসার কথা বলতে গিয়ে তিনি বলেন, গদিতে বসার জন্য আমি জন্ম নিইনি। আমার বাড়ি, পরিবার সবকিছুই আমি ছেড়ে দিয়েছি শুধুমাত্র এই দেশের জন্য।
জাল টাকা এবং কালোটাকার প্রভাব রুখতে ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করার ঘটনায় ভারতের সরকার বার বার বলছে, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা অত্যন্ত জরুরি ছিল। কিন্তু বিরোধী দলগুলি জনসাধারণের হয়রানির কথা তুলে ধরে পথে নেমেছে। সরকার উপযুক্ত প্রস্তুতি না নিয়ে কেন এই পদক্ষেপ গ্রহণ করলো, বিরোধীদের প্রশ্ন সেটাই। সেই সমালোচনা নস্যাৎ করতে রবিবার অত্যন্ত আক্রমণাত্মক মনোভাব নিয়েই ভাষণে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী।









