রাজধানীতে পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ পালন না করায় আদালত অবমাননার অভিযোগ এনে একটি লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।
জিহাদের পরিবারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো: আবদুল হালিম রেলওয়ে ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে এই লিগ্যাল নোটিশ পাঠান। আগামি ১৪ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা না দিলে আদালত অবমাননার মামলা করা হবে বলে লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে।
২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। পূর্নাঙ্গ রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে রেলওয়ে ১০ লাখ টাকা ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা দেয়ার নির্দেশ দেয়া হয়। কিন্তু ৯০ দিন হয়ে গেলেও আদালতের নির্দেশমতো ক্ষতিপূরণ না দেয়ায় এই লিগ্যাল নোটিশ দেয়া হল বলে জানান রিটকারী আইনজীবী ব্যারিস্টার আ: হালিম।
২০১৪ সালের ২৬ ডিসেম্বর রাজধানীর শাহজাহানপুর রেল কলোনিতে খোলা থাকা কয়েক’শ ফুট গভীর একটি নলকূপের পাইপে পড়ে যায় চার বছরের শিশু জিহাদ।
এরপর ২০১৪ সালের ২৮ ডিসেম্বর জিহাদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম একটি রিট করেন। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ক্ষতিপূরণের আদেশ দেন।







