জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের সদস্য জিহাদি জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সংগঠনটির অনলাইন ম্যাগাজিন ‘দাবিক’ এক খবরে জানিয়েছে, সিরিয়ায় আইএস জঙ্গিদের শক্তিশালী ঘাঁটি রাকায় ড্রোন হামলায় ‘জিহাদি জন’র মৃত্যু হয়।
আইএস যে সকল বন্দিদের শিরশ্ছেদ করতো সেগুলোর ভিডিওচিত্রে জিহাদি জনকে জল্লাদের ভূমিকায় দেখা গেছে। ইসলামিক স্টেটের প্রোপাগান্ডা ম্যাগাজিন দাবিক-এ ‘জিহাদি জন’ এর মৃত্যুর খবর জানিয়ে তার জন্য একটি শোকসংবাদ প্রকাশ করা হয়েছে।
এর আগে গত নভেম্বরে যুক্তরাষ্ট্রও দাবি করেছিলো, ‘যৌক্তিকভাবে তারা নিশ্চিত’ যে ড্রোন হামলায় রাকায় জিহাদি জন নিহত হয়েছে।
দাবিক বলছে, জিহাদি জন বা মোহাম্মেদ এমাওয়াজি যে গাড়িতে ছিলো সেটিকে লক্ষ্য করে যখন ড্রোন হামলা করা হয়, তখন গত ১২ নভেম্বরে তিনি নিহত হন।
২০১৪ সালে ইসলামিক স্টেটের এক ভিডিওতে মুখোশ পড়া অবস্থায় জিহাদি জনকে প্রথম দেখা যায়। সেই ভিডিওটি ছিলো মার্কিন সাংবাদিক জেমস ফলেয়-এর শিরশ্ছেদ করার দৃশ্য।
এরপর একে একে মার্কিন সাংবাদিক স্টিভেন সট্লফ, ডেভিড হেইনজসহ আরো বেশ কয়েকজনকে শিরশ্ছেদ করার ভিডিওতে জিহাদি জনকে দেখা যায়।
১৯৮৮ সালে কুয়েতে জন্ম গ্রহণ করেন জিহাদি জন বা মোহাম্মেদ ইমাওয়াজি।







