ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে ছুটি পেয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। কোরবানির ঈদের পর আাগামী ২৭ আগস্ট শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। টাইগারদের টানা তিন মাস থাকতে হবে খেলার মধ্যে। তার আগে অবসরের ফুসরত মিলেছে খানিকটা। তবে বসে নেই জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা।
গত কয়েকদিন ধরে জিম ও নেট ব্যাটিং করেছেন তামিম ইকবাল। শনিবার মিরপুরের জিমে জুটি বেধে ঘাম ঝরালেন মাশরাফী বিন মোর্ত্তজা ও মুশফিকুর রহিম। ওয়ানডে অধিনায়ক মেতেছিলেন কৈশরের দুরন্তপনায়। তারই কিছু মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন বিসিবির আলোকচিত্রী রতন গোমেজ। যাতে ধরা পড়ল দুজনের রসায়নও।

পরিবারের সবার সঙ্গে ঈদ করতে মাশরাফী যাবেন নড়াইল আর মুশফিক বগুড়ায়। মায়ের হাতে তৈরি মুখরোচক খাবার থেকে দূরে থাকা কঠিন হয়ে পড়বে তখন। তার আগে যতটুকু ফিটনেস নিয়ে বাড়ি যাওয়া যায়!

সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়া কাপের আসর। অক্টোবরে জিম্বাবুয়ে ও নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ। সেই ব্যস্ত সূচিই যেন আরো ভাবিয়ে তুলেছে ওয়ানডে অধিনায়ককে। চলছে ফিটনেস ধরে রাখার কাজ।
দুষ্টুমি আর দুরন্তপনায় কঠিন কাজ সহজ করে ফেলার সহজাত প্রবৃত্তি আছে মাশরাফীর মধ্যে। সে চেষ্টাই যেন চলছে জিমে।

প্রথমে একটু চুপচাপ থাকলেও পরে হাসি ফুঁটেছে মুশফিকের চেহারায়

দুই তারকার চোখাচোখি, মুখে তাদের নির্মল হাসি

মাশরাফীর দুরন্তপনা চলছেই…

মাশরাফীর কোনো এক কথায় (শেষ পর্যন্ত) নিজেকে ধরে রাখতে পারলেন না মুশফিক।









