অনলাইনে টাকা লেনদেনের জন্য ২০১৩ সালে চালু করা ‘গুগল ওয়ালেট’ এবার চালু হলো জিমেইলের অ্যান্ড্রয়েড অ্যাপে। এজন্য গুগল ওয়ালেট অ্যাপ আলাদা ইন্সটল করার দরকার নেই। এখন থেকে অ্যান্ড্রয়েড মোবাইলে থাকা জিমেইল অ্যাপ দিয়েই যে কেউ টাকা দিতে ও নিতে পারবে। এজন্য বাড়তি কোনো ফি দিতে হবে না।
আপাতত জিমেইলে টাকা লেনদেনের সুবিধা কেবলমাত্র যুক্তরাষ্ট্রেই চালু করার কথা জানিয়েছে গুগল।
জিমেইলে টাকা পাঠানোর পদ্ধতিও সহজ। অ্যাটাচিং আইকন (পেপারক্লিপ আইকন) ব্যবহার করে অন্যান্য ফাইল পাঠানোর মতো টাকাও পাঠানো যাবে। আবার টাকা পাঠানোর অনুরোধও করা যাবে।
পেপাল, ভেনমো,স্কয়ার ক্যাশ, স্ন্যাপক্যাশ ইত্যাদির মতো অর্থ আদান-প্রদানের অ্যাপগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকতেই এমন উদ্যোগ নিয়েছে গুগল। বিশেষ করে কোনো আর্থিক বিষয় নিয়ে ইমেইল চালাচালির সময়ে এখন থেকে জিমেইল ব্যবহারকারীরা তাৎক্ষণিক ভাবে টাকা লেনদেনের সুযোগ পাবে। হতে পারে সেটা ভ্রমণের চাঁদা কিংবা উপহার সামগ্রীর কেনাকাটা।







