স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুই বড় দল বড় জয় পেয়েছে। প্রতিপক্ষের জালে গোল উৎসব করেছে দুই দলই।লিওনেল মেসির হ্যাটট্রিক ও নেইমারের গোলে গ্রানাদাকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।
এই জয়ের ফলে অ্যাটলেটিকো মাদ্রিদকে সরিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে গেল কাতালানরা।
ম্যাচের অষ্টম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন মেসি। ১৪ মিনিটের মাথায় আবারো মেসিই গোল করে ম্যাচের নিয়ন্ত্রন নিয়ে নেয় বার্সেলোনা।
বিরতির পর ৫৮তম মিনিটে মেসি তার হ্যাট্রিক পূরণ করেন। বেশ কয়েকবার গোলের সুযোগ মিস করা নেইমার ৮৩ মিনিটে অবশেষে গোল করতে পারেন।
তিন সপ্তাহের ব্যবধানে আবারও হ্যাটট্রিক করেছেন গ্যারেথ বেল। সঙ্গে জোড়া গোল করিম বেনজেমার।
দেপার্তিপো লা করুনাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে জিনেদিন জিদানের শুরুটাও হলো দুর্দান্ত।
২০১৬ সালে এটাই রিয়ালের প্রথম জয়। বছরের প্রথম ম্যাচে গত রোববার ভালেন্সিয়ার মাঠে ২-২ গোলে ড্র করলে রাফায়েল বেনিতেসকে সরিয়ে জিদানকে দায়িত্ব দেয় রিয়াল কর্তৃপক্ষ।
এই জয়ে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল। ১৯ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪০।







