অন্যান্য

জিতের কাছে নুসরাত ফারিয়া লম্বা রেসের ঘোড়া

জিতের কাছে নুসরাত ফারিয়া লম্বা রেসের ঘোড়া

জিৎ​

‘নুসরাত ফারিয়া লম্বা রেসের ঘোড়া! টিকে থাকতে পারলে ও আন্তর্জাতিক মাপের শিল্পী হতে পারবে।’ বললেন জিৎ​, ভারতের বাংলা ছবির এ সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক। ‘বস টু’ ছবিতে জিৎ​ ও নুসরাত ফারিয়া একসঙ্গে অভিনয় করেছেন।

আজ মঙ্গলবার বিকালে জিৎ​ ঢাকায় এসেছেন। দুই দিনের সফরের শুরুতেই সন্ধ্যায় ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন। এখানে উপস্থিত ছিলেন জিৎ​, নুসরাত ফারিয়া আর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

কলকাতার একটি অচেনা জায়গা থেকে মুম্বাইতে রাজত্ব করতে যান জিৎ। দাপটের সঙ্গে সব মাফিয়াকে নিয়ন্ত্রণে এনে তিনি হয়ে যান বসদের বস। তিনি এসেছেন ঢাকায়। তবে এখানকার অপরাধ সাম্রাজ্যের দখল নিতে নয়, ঈদে মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার ছবি ‘বস টু’। জানালেন ছবির প্রচারণায় অংশ নিতে এসেছেন তিনি।

নুসরাত ফারিয়া ও জিৎ​

এর আগে ‘বস’ ছবিতে অভিনয় করেছেন। ওটা ছিল কলকাতার ছবি। এবার বাংলাদেশ আর ভারতের যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করছেন। কেমন লেগেছে? জিৎ​ বললেন, ‘এবার নতুন গল্প, নতুন পরিবেশ, নতুন শিল্পী, নতুন অভিজ্ঞতা—সব মিলিয়ে দারুণ!’

জানালেন, সামনে ভালো গল্প, অনুমতি আর ইতিবাচক পরিবেশ থাকলে যৌথ প্রযোজনা নয়, বাংলাদেশে তিনি একক ভাবে ছবি প্রযোজনা করতে চান।

ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনে জিৎ​

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, সৈয়দ হাসান ইমাম, অমিত হাসান, সুষমা, মধুমিতা প্রেক্ষাগৃহের কর্ণধার নওশাদ আহমেদ, প্রযোজক নাসির উদ্দিন দিলু, জাকির হোসেন রাজু, নাদের চৌধুরী প্রমুখ।

‘বস টু’ পরিচালনা করেছেন বাবা যাদব ও আবদুল আজিজ। যৌথ ভাবে প্রযোজনা করেছে বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া আর ভারতের জিৎ​ এন্টারটেইনমেন্ট লিমিটেড।

ছবি: তানভীর আশিক

বিষয়:জিৎনুসরাত ফারিয়াবস টু
প্রতিবেদক

সৈয়দ নূর-ই- আলম

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…