চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিতেন কান্তি গুহকে নির্যাতনের ঘটনায় হাইদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম ও তার ছেলে মুশফিক উদ্দিন ওয়াসিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
তাদের বিরুদ্ধে চট্টগ্রামের পটিয়া উপজেলায় আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ ওঠে।
জানা যায়, গত শুক্রবার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। ইফতারে ইউপি চেয়ারম্যান বিএম জসিমকে দাওয়াত না দেওয়া ও ব্যানারে তার নাম থাকায় ঝামেলার সৃষ্টি হয়।
সেদিন বিকেলের দিকে চেয়ারম্যানসহ তার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে জিতেন গুহকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। সে সময় আওয়ামী লীগের বর্তমান সভাপতিকেও চেয়ারম্যানের সমর্থকরা গালাগাল করেন।







