শেষ রক্ষা হল না ভারতের। ভাল খেলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১ রানের হারের লজ্জায় ডুবলো ধোনির দল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রথম ম্যাচে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায় ধোনি বাহিনী। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২৪৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। শতরান করেন ইভিন লুইস। জনসন চার্লস করেন ৭৬ রান।
পরে ব্যাট করতে এসে শুরুতে বশে চাপে পড়ে ভারত। রাহানে ও বিরাট কোহলি ফিরে যান ৭ ও ১৬ রানে। লোকেশ রাহুল ব্যাট করতে এসে হাল ধরেন। রোহিত শর্মা ও লোকেশের জুটি ভারতের ইনিংসকে শক্ত জমির উপর দাঁড় করায়। ৬২ রানে রোহিত ফিরে যাওয়ার পর ক্রিজে আসেন ধোনি। লোকেশ রাহুল ও ধোনির মধ্যেও শক্তিশালী জুটি তৈরি হয়।
ঝকঝকে লোকেশ সেঞ্চুরি সারেন(১১০), ধোনির চওড়া ব্যাটে ভর করে শেষ ওভারে জয়ের খুব কাছাকাছি পৌঁছে যায় ভারত। শেষ ওভারে বল করতে আসেন ব্রাভো, প্রথম বলেই ধোনি ক্যাচ হাতছাড়া করেন স্যামুয়েলস। ব্রোভোর শক্ত বোলিংয়ের সামনে প্রথম পাঁচ বলে দৌড়ে ছাড়া রান নিতে পারেন নি ধোনি বা লোকেশ।
শেষ বলে বাকি ছিল দু’রান। অফস্ট্যাম্পের বাইরের স্লোয়ারে এলোপাতাড়ি ব্যাট চালান ধোনি, সেই স্যামুয়েলসের হাতেই ক্যাচ যায়। ভুল করেন নি স্যামুয়েলস। একরানে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।







